২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ নাফসিন মেহেনাজ আজিরিনসহ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, ইউটিউবার সালমান মুক্তাদির ও ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশের পর হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে।
রিউমর স্ক্যানারের ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের অনুসন্ধানে দাবি করা হয়েছে, ‘Unmask Bangladesh’ নামের একটি ফেসবুক পেজ থেকে চারজনের ব্যক্তিগত তথ্য প্রচারের পর থেকেই বিভিন্ন নম্বর থেকে হুমকিমূলক মেসেজ ও কল আসছে।
প্রতিবেদন অনুযায়ী, Unmask Bangladesh নামের পেজটি গত ২১ আগস্ট চালু হয়। এরপর পেজটি থেকে চারজনকে নিয়ে ‘এক্সপোজ পোস্ট’ করা হয়। এসব পোস্টে তাদের মোবাইল নম্বর, ইমেইল, বাসার ঠিকানা এবং বিভিন্ন ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
### নাফসিনকে নিয়ে প্রথম পোস্ট
নাফসিন মেহেনাজ আজিরিনকে নিয়ে পেজটিতে ২২ আগস্ট সন্ধ্যায় একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে তার মোবাইল নম্বর, ইমেইল ও বাসার ঠিকানা প্রকাশ করা হয়। একই সঙ্গে তাকে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
রিউমর স্ক্যানারের সঙ্গে কথা বলার সময় নাফসিন জানান, পোস্টটি প্রকাশের পর তিনি দেশি ও বিদেশি বিভিন্ন নম্বর থেকে প্রায় ৭০ থেকে ৮০টি অপরিচিত কল পেয়েছেন। এসব কলে তাকে অশ্লীল ভাষায় গালাগাল করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি হোয়াটসঅ্যাপে ক্রমাগত মেসেজ আসছে বলে জানান নাফসিন।
প্রতিবেদনে একটি কুয়েতের নম্বর এবং একটি বাংলাদেশি নম্বর থেকে নাফসিনকে পাঠানো আপত্তিকর মেসেজের কথাও উল্লেখ করা হয়েছে।
### চমকের ব্যক্তিগত তথ্য প্রকাশ
অভিনেত্রী ও বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী রুকাইয়া জাহান চমককেও একইভাবে টার্গেট করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে চমক একটি ডকুমেন্টারি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা হয়। এর পর ২৩ আগস্ট Unmask Bangladesh পেজে চমককে নিয়ে পরবর্তী ‘এক্সপোজ পোস্ট’ দেওয়ার ঘোষণা আসে।
২৪ আগস্ট প্রকাশিত ওই পোস্টে চমকের মোবাইল নম্বর ও বাসার ঠিকানার পাশাপাশি তার স্বামীর ফোন নম্বর এবং ইমেইল ঠিকানাও প্রকাশ করা হয় বলে রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে।
### সালমান মুক্তাদিরকে হুমকি
ইউটিউবার সালমান মুক্তাদিরের ব্যক্তিগত তথ্যও একই পেজে প্রকাশ করা হয়েছে। নেত্রকোনায় এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনা নিয়ে একটি তথ্য যাচাই না করেই প্রচারের অভিযোগে আগে থেকেই সমালোচনার মুখে ছিলেন তিনি।
রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ আগস্ট সালমানকে নিয়ে পরপর দুটি পোস্ট প্রকাশ করা হয়। প্রথম পোস্টে তার মোবাইল নম্বর, বাসার ঠিকানা ও ইমেইল প্রকাশ করা হয়। পরের পোস্টে তার জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন তথ্য প্রকাশের পাশাপাশি তার স্ত্রী ও পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি দেওয়া হয়।
তবে সালমান মুক্তাদির রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, বিষয়টি তিনি দেখেছেন এবং এটি তাকে খুব একটা বিরক্ত করছে না। অনলাইন হয়রানিতে সময় দেওয়াকে তিনি মূল্যবান মনে করেন না বলেও জানান তিনি।
### উম্মা উসওয়াতুন রাফিয়াও টার্গেটে
ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকেও পেজটির সর্বশেষ পোস্টে টার্গেট করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জুলাই আন্দোলনের সম্মুখসারির কর্মী হিসেবে বিভিন্ন সময় তিনি আওয়ামী লীগপন্থী বিভিন্ন মহলের সমালোচনার মুখে ছিলেন বলে রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে।
তার ক্ষেত্রেও ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
### পেজটির পেছনে কারা
রিউমর স্ক্যানারের ডিজিটাল ইনভেস্টিগেশন টিমের দাবি, Unmask Bangladesh পেজ থেকে প্রকাশিত পোস্টগুলো ব্যাপকভাবে শেয়ার হয়েছে। পোস্ট শেয়ারকারীদের একটি বড় অংশ আওয়ামী লীগপন্থী মতাদর্শের সঙ্গে যুক্ত বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে কয়েকটি ফেসবুক আইডির নামও উল্লেখ করা হয়েছে, যাদের সঙ্গে ‘ক্র্যাক প্লাটুন বাংলাদেশ’ নামের একটি গ্রুপের সম্পৃক্ততার দাবি করা হয়েছে। রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, ওই গ্রুপটি বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সংগঠিতভাবে অপতথ্যের প্রচারণা চালিয়ে আসছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
### ব্যক্তিগত তথ্য ফাঁসকে বলা হয় ডক্সিং
কারও অনুমতি বা সম্মতি ছাড়া তার ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য ইন্টারনেটে প্রকাশ বা ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াকে ডক্সিং বলা হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ডক্সিং নিয়ে সুনির্দিষ্ট কোনো আইন না থাকলেও সাইবার নিরাপত্তা আইনসহ প্রচলিত কিছু ফৌজদারি আইনের আওতায় এ ধরনের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞদের মতে, কারও নাম, ফোন নম্বর, ইমেইল, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের তথ্য একসঙ্গে প্রকাশ পেলে সাইবার অপরাধীরা ওই ব্যক্তির একটি বিস্তারিত ডিজিটাল প্রোফাইল তৈরি করতে পারে। এসব তথ্য ব্যবহার করে লক্ষ্যভিত্তিক ফিশিং, ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি ও আর্থিক প্রতারণার মতো অপরাধ সংঘটিত হতে পারে।

.png)